প্রেমের টানে চীন থেকে রংপুরে যুবক, ধর্ম বদলে করলেন বিয়ে

ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। সেই সম্পর্কের টানে সুদূর চীন থেকে রংপুরের পীরগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামে ছুটে এসেছেন ২৯ বছর বয়সি এক যুবক। তার পূর্বের নাম ঝাওহুইয়ান। বর্তমানে নাম পরিবর্তন করে আয়ান ইসলাম রাখা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট বাংলাদেশে আসেন ওই যুবক। এর ১৬ দিনের মাথায় গত ১০ সেপ্টেম্বর পীরগঞ্জের আবিদা সুলতানার সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে। আবিদা সুলতানা সোলাইমান মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবিদা সুলতানার সঙ্গে চীনের যুবক আয়ান ইসলামের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই সম্পর্কের টানে চীন থেকে বাংলাদেশে এসে আবিদার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন আয়ান।
স্থানীয়রা জানান, চলতি বছর এসএসসি পরীক্ষায় আবিদা অকৃতকার্য হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে অন্যত্র বিয়ের বিষয়ে কথা বলা হয়েছিল। তবে এতে রাজি না হয়ে ফেসবুকে পরিচিত ওই যুবককেই বিয়ে করার আগ্রহ প্রকাশ করেন তিনি। পরে পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয় বলে জানা গেছে।
এদিকে স্থানীয় সূত্রের দাবি, বিয়ের আগে ওই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তার নাম আয়ান ইসলাম রাখা হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। বিশেষ করে চীন থেকে প্রেমের টানে এক যুবকের পীরগঞ্জে এসে বিয়ে করার বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে।
পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের ইউপি সদস্য রাশেদুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানি। ছেলেটি চীন থেকে এসেছে এবং গতকাল (বৃহস্পতিবার) তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।


