সনদ নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার

শিক্ষার্থীদের শুধু সনদ অর্জনের পেছনে ছুটলে হবে না, বরং দক্ষতা, জ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য কেবল একটি সার্টিফিকেট অর্জন নয়, বরং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেকে দক্ষ করে তোলা। শিক্ষাব্যবস্থাকে সনদ নির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক করার লক্ষ্যে সরকার কাজ করছে, যাতে শিক্ষাজীবন শেষে শিক্ষার্থীদের বেকার থাকতে না হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে ঝালকাঠি সরকারি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৪৫০ জন নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় শিক্ষার্থীদের জ্ঞানচর্চার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে জ্ঞান অর্জন সীমাবদ্ধ রাখলে চলবে না। বিভিন্ন বিষয়ের বই পড়তে হবে, পৃথিবী সম্পর্কে জানতে হবে এবং চিন্তার জগৎকে প্রসারিত করতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশও শিক্ষার্থীদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মাদক থেকে নিজেদের দূরে রাখতে হবে এবং মাদককে স্পষ্টভাবে না বলতে হবে। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।
পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পরিবেশ দূষণ বাড়ছে, ছড়িয়ে পড়ছে নানা রোগ। এ পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীরা যেন প্রতি সপ্তাহে অন্তত এক দিন নিজেদের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে। তাদের অংশগ্রহণে একটি পরিচ্ছন্ন ঝালকাঠি গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিষয়ে তিনি বলেন, বড়দের শ্রদ্ধা করতে হবে, শিক্ষকদের সম্মান করতে হবে। ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভালো মানুষ হওয়াও জরুরি। শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা ভাবনার প্রসঙ্গ তুলে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের আগেই প্রধানমন্ত্রী দেশের মানুষের উন্নয়ন ও শিক্ষাব্যবস্থা নিয়ে চিন্তা করছেন। শিক্ষাকে আরও কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে পড়াশোনা শেষ করে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পায়।
ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, কলেজের জন্য একটি স্কুলবাসের ব্যবস্থা করার চেষ্টা করবেন। পাশাপাশি ইনডোর গেমসের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধান অতিথি বলেন, আমি আশা করি, তোমরা আমাদের বয়সে পৌঁছানোর আগেই অনেক দূর এগিয়ে যাবে। তোমাদের হাত ধরেই ঝালকাঠি আরও সাফল্য অর্জন করবে। তোমাদের মেধা, জ্ঞান ও কর্মের মাধ্যমে দেশ এগিয়ে যাবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস বেপারী এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) স্নেহলতা রায়। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ৪৫০ জন নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
