Advertisement

শেখ হাসিনার প্রত্যাবর্তন আহ্বানে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার

এশিয়া পোস্ট নিউজ, ঝালকাঠি
শেখ হাসিনার প্রত্যাবর্তন আহ্বানে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

ঝালকাঠি সদর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি শেখ হাসিনার প্রত্যাবর্তনের আহ্বান জানিয়ে পোস্টার সাঁটিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ (নিষিদ্ধ)। একই সঙ্গে পোস্টারে আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবীদ আমির হোসেন আমুর কারামুক্তির দাবি জানানো হয়েছে।

সোমবার (২৫ মে) উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে ছাত্রলীগের সাঁটানো পোস্টারগুলো দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এই কর্মসূচি পালন করেছে ছাত্রলীগের ধানসিঁড়ি ইউনিয়ন শাখা। নেতৃত্ব দেন ছাত্রলীগের ধানসিঁড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. আল মামুন মেহেদী।

ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, গাবখান ব্রিজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় পোস্টার সাঁটানো হয়। পোস্টারে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের আহ্বান এবং আমির হোসেন আমুর মুক্তির দাবি জানানো হয়েছে।

ধানসিঁড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. আল মামুন মেহেদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে শেখ হাসিনার নেতৃত্ব আবার প্রয়োজন। একই সঙ্গে বর্ষীয়ান নেতা আমির হোসেন আমুর মুক্তির দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি।

এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, ছাত্রলীগ একটা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন। তারা ২৪-এ জুলাই আন্দোলন থেকে শুরু করে যেসব অপকর্ম করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ছাত্রলীগ যদি মাঠে নামার চিন্তা করে তাহলে জেলা ছাত্রদল প্রতিহত করবে। ছাত্রদল বিগত স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে মাঠে ছিল, এখনও মাঠে থাকবে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য ও দেশের প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ছাত্রদল রাজপথে থাকবে।