সাবেক কাউন্সিলরের বাসায় নাসিরুদ্দিন-সারজিস

এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
সাবেক কাউন্সিলরের বাসায় নাসিরুদ্দিন-সারজিস
সাবেক কাউন্সিলর মাসুদ আহমদের পাশে বসে আছেন নাসিরুদ্দিন ও সারজিস। ছবি: ভিডিও থেকে নেওয়া

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মৌলভীবাজারের রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুরবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের উপস্থিতি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালও হয়েছে।

Advertisement

জানা গেছে, গত শুক্রবার (২৬ জুলাই) রাতে মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমদের বাসায় যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মাসুদ আহমদ রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুর বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ছাড়া মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি জিল্লুর রহমানের আস্থাভাজন হিসেবে কাউন্সিলর মাসুদ আহমদ পরিচিত ছিলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের ওই সফরের বিষয়ে কিংবা ছাত্রলীগের নেতার শশুরবাড়িতে যাওয়া নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনিও বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এ বিষয়ে এনসিপির জেলা কমিটির আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করুন।’

এ বিষয়ে জানতে এনসিপির মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক খালেদ হাসান এশিয়া পোস্টকে বলেন, ‘সাবেক কাউন্সিলর মাসুদ আহমেদের দাওয়াতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম সেখানে গিয়েছেন। তাছাড়া কাউন্সিলর মাসুদ আহমেদ বিগত জুলাই আন্দোলনেও শিক্ষার্থীদের সহযোগিতা করেছিলেন। আর জেলার বেশির ভাগ মানুষের আত্মীয়তাই জামায়াত, বিএনপি ও আওয়ামী লীগ পরিবার ঘিরে। কেউ তো রাজনৈতিক পরিচয় খুঁজে আত্মীয়তা করে না।’