logo
Advertisement

আদালতের দোতলা ভবন থেকে লাফ দিয়ে পালাল আসামি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,সিরাজগঞ্জ
আদালতের দোতলা ভবন থেকে লাফ দিয়ে পালাল আসামি
সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : এশিয়া পোস্ট

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয়তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়েছেন চুরির মামলার এক আসামি।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানী।

পালিয়ে যাওয়া আসামির নাম মোমিন। তিনি সিরাজগঞ্জ সদরের কোবদাসপাড়া মহল্লার সবুর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, একটি চুরির মামলায় জেলহাজতে থাকা অবস্থায় নির্ধারিত তারিখে হাজিরা দেওয়ার জন্য তাকে আদালতে আনা হয়েছিল।

ঘটনার বিবরণ দিয়ে পরিদর্শক রওশন ইয়াজদানী জানান, আসামি মোমিনকে এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয়তলার হাজতখানায় রাখা হয়। পরবর্তীতে অন্য এক আসামিকে ভেতরে ঢোকানোর সময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বের হয়ে যান। বারান্দায় কোনো গ্রিল না থাকায় সেই সুযোগে সেখান থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।

ঘটনার পর কয়েক ঘণ্টা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয় এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক রওশন ইয়াজদানী।