logo
ময়মনসিংহ মেডিকেল

হামের উপসর্গ নিয়ে ভর্তির এক ঘণ্টা পর মারা গেল শিশু

হামের উপসর্গ নিয়ে ভর্তির এক ঘণ্টা পর মারা গেল শিশু
ময়মনসিংহ মেডিকেল কলেজের হাম আইসোলেশন ওয়ার্ড। ছবি : এশিয়া পোস্ট

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার এক ঘণ্টার মধ্যে সাড়ে চার মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৭ মার্চ থেকে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে আসা ৭৬ শিশুর মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ শিশু ভর্তি হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে শিশুটিকে শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। হামের উপসর্গের পাশাপাশি শিশুটির রক্তে সংক্রমণ (সেপটিসেমিয়া) ও সংক্রমণজনিত মারাত্মক শক (সেপটিক শক) ছিল। ভর্তির পর চিকিৎসা দেওয়া হলেও সকাল ১০টার দিকে শিশুটির মৃত্যু হয় বলে জানান তিনি।

ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান আরও জানান, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১০ অক্টোবর সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪ হাজার ৯৫৪ শিশু হাসপাতালটিতে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে মোট ৪ হাজার ৭৪৫ শিশু। শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনটি মেডিকেল টিম গঠন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।