ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে মাইকিং, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নওগাঁর মান্দা উপজেলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিংয়ের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে প্রচারণায় ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড়ের কাছে ছোট মুল্লুক এলাকায় সম্প্রতি একটি টমটম অটোরিকশায় করে এ প্রচারণা চালানো হয়। এতে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের কথা উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও রাজনৈতিক কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়। পরে মাইকিংয়ের ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি জেলা পুলিশের নজরে আসার পরপরই অভিযানে নামে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি সম্পর্কে অবহিত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার আরেকজনের নাম মো. তারেক (১৭)। তিনি মান্দা থানার নলতর পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ রইচ উদ্দিনের ছেলে। তার রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া অটোচালক পলাতক রয়েছেন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও জনমনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ঘটনার পেছনের মূল পরিকল্পনাকারী এবং প্রচারণায় জড়িত অন্য আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মান্দা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মতিন স্থানীয় সংসদ সদস্যের ভূমিকার সমালোচনা করে বলেন, নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর উদাসীনতার কারণেই আওয়ামী লীগ নেতাকর্মীরা এমন দুঃসাহস পেয়েছেন। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী দলীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।