মুন্সীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত ১০

মুন্সীগঞ্জের শ্রীনগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালীন দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খেলোয়াড়সহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে শ্রীনগর স্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে এ ঘটনা ঘটে। ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল শ্যামসিদ্ধি ইউনিয়নের ‘শ্যামসিদ্ধি রয়েলস’ ও কুকুটিয়া ইউনিয়নের ‘কুকুটিয়া ওয়ারিয়র্স’।
প্রত্যক্ষদর্শী ও আয়োজক কমিটি সূত্রে জানা যায়, খেলার দ্বিতীয়ার্ধে শ্যামসিদ্ধি রয়েলসের এক খেলোয়াড় কুকুটিয়া ওয়ারিয়র্সের খেলোয়াড় মঈনুলের জার্সি টেনে ধরেন। এ নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
কুকুটিয়া পক্ষের অভিযোগ, ঘটনার সময় শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক ইয়ামিনের নেতৃত্বে দেড় শতাধিক ব্যক্তি মাঠে প্রবেশ করে কুকুটিয়া ওয়ারিয়র্সের খেলোয়াড়দের ওপর হামলা চালায়। এতে কুকুটিয়া ওয়ারিয়র্সের খেলোয়াড় মঈনুল, রায়হান, রিসান, অভি খান ও সমিতসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই পুলিশ, আনসার সদস্য এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর আলম ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী বলেন, দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৩০-৪০ সেকেন্ডের মধ্যে মারামারি শেষ হয়ে যায়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে আমি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়ে ঢাকা চলে আসি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির খবর তারা পেয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.png)






