প্রেম করে বিয়ের পর নবদম্পতির বিষপান, স্বামীর মৃত্যু ও স্ত্রী হাসপাতালে

কুমিল্লার নাঙ্গলকোটে প্রেম করে বিয়ের এক মাসের মাথায় বিষপান করেছেন এক দম্পতি। এতে নয়ন হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তার স্ত্রী বর্ষা বেগম (২২) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নাঙ্গলকোট পৌর বাজারসংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। নিহত নয়ন হোসেন উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের কলিম উল্লার ছেলে। তার স্ত্রী বর্ষা বেগম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মনির হোসেনের মেয়ে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, প্রায় এক মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে নয়ন ও বর্ষার বিয়ে হয়। তবে কী কারণে তারা একসঙ্গে বিষপান করেছেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।
নিহতের ভাই সোহেল ও বোন শিরিনা আক্তার জানান, বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিষয় নিয়ে সমস্যা হয়েছিল কি না, তা তাদের জানা নেই।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাহীন বলেন, বিষপানের পর ওই দম্পতিকে হাসপাতালে আনা হলে তাদের পাকস্থলী ওয়াশসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে হাসপাতালে আনার পর নয়ন হোসেনের কোনো লাইফ সাইন পাওয়া যায়নি। বর্ষার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী দুজন বিষপান করেন। এতে নয়ন হোসেনের মৃত্যু হয়েছে এবং তার স্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী সময়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

