স্ত্রীকে নিয়ে ঝরনা দেখতে গিয়েছিলেন সৌরভ, ফিরলেন লাশ হয়ে

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আলুটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ হোসেন (৩২) খাগড়াছড়ি জেলা প্রশাসকের বাংলোয় উমেদার হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী প্রিয়া আক্তারকে নিয়ে রিছাং ঝরনায় ঘুরতে গিয়ে অটোরিকশায় করে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
পুলিশ জানিয়েছে, এদিন সকালে স্ত্রী প্রিয়া আক্তারকে নিয়ে রিছাং ঝরনায় বেড়াতে যায় সৌরভ হোসেন। ফেরার পথে হৃদয় মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাটিরাঙাগামী মাইক্রোবাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোচালকের পাশেই বসা ছিল সৌরভ। ঘটনাস্থলেই গুরুতর আহত হন সৌরভ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনায় নিহতের স্ত্রী ও অটোচালক আহত হয়েছেন।