ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ, আহত ৩

এশিয়া পোস্ট নিউজ, ধামরাই (ঢাকা)
ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ, আহত ৩
ধামরাই থানা। ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে আপন তিন ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন ভাই-ই আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।

Advertisement

রোববার (২৮ জুন) সন্ধ্যায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

সংঘর্ষে গুরুতর আহত আনোয়ার হোসেন মোল্লা (৫৭) ও মনির হোসেন মোল্লা (৫৫) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে খোকন হোসেন মোল্লা (৫২) ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এর আগে শুক্রবার (২৬ জুন) বেলা ১১টার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মনির হোসেন মোল্লার স্ত্রী রেহেনা বেগম ও খোকন হোসেন মোল্লার স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রেহেনা বেগমের অভিযোগ সূত্রে জানা যায়, তার স্বামী মনির হোসেন ও ভাসুর আনোয়ার হোসেন নিজেদের হিস্যার জমিতে ঘর তোলার উদ্দেশ্যে মাটি কাটা শুরু করেন। এ সময় অন্য ওয়ারিশেরা জমি মাপজোখ করতে গেলে খোকন হোসেন মোল্লা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে মনির ও আনোয়ার গুরুতর জখম হন।

অপরদিকে খোকনের স্ত্রী তাসলিমার অভিযোগ সূত্রে জানা যায়, খোকন হোসেন মোল্লার ১০ শতাংশ জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছিলেন মনির ও আনোয়ার। গত বৃহস্পতিবার ওই জমিতে জোর করে মাটি কাটা শুরু করলে শুক্রবার সকালে খোকন তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার ও মনির মিলে খোকনের ওপর হামলা চালান।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপুরে আপন তিন ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে আনোয়ার ও মনির গুরুতর জখম হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দুই হাসপাতাল সূত্রে জানা গেছে, মনির ও আনোয়ারের শরীরে জখমের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে খোকন মোল্লার বাম হাতের কবজির ওপরের কিছু অংশ কেটে গেছে এবং তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

রেহেনা বেগম অভিযোগ করে বলেন, ‘খোকন মোল্লা শতাংশপ্রতি এক লাখ টাকা করে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় আমার স্বামী ও ভাসুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছেন খোকন ও তার ছেলে। আমার স্বামীর অবস্থা আশঙ্কাজনক। আমি এই হামলার বিচার চাই।’

তবে অভিযোগ অস্বীকার করে খোকন মোল্লা বলেন, ‘ওরা আমার জমি জোরপূর্বক দখল করে রেখেছিল। আমি কয়েক মাস আগেও থানায় অভিযোগ দিয়েছিলাম। এখন আবার জোর করে মাটি কেটে নিয়ে যাচ্ছিল। আমি বাধা দিলে উল্টো আমার ওপর হামলা চালায়।’

এদিকে ধামরাই থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাইয়েরা বিবাদে জড়িয়েছেন। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় :ঢাকা