সাড়ে ৮ ঘণ্টা পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে, কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনের কাছে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল–২ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে উদ্ধার কাজ চালালে বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব বাজার জংশন ছাড়ার কিছু দূর যাওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ গণমাধ্যমকে জানান, রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনে পৌঁছে কেবিন মাস্টারের কাছ থেকে সামনে অগ্রসর হওয়ার সংকেত পায়। জংশন থেকে প্রায় ১৫০ মিটার অগ্রসর হওয়ার পর ইঞ্জিনের পরের চতুর্থ কোচটি লাইনচ্যুত হয়। এতে স্টেশনের আপ ও ডাউন উভয় লাইন বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পরপরই লাইন থেকে ট্রেন সরানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। পরে সকালে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়।