বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বেরিয়ে স্কুলছাত্র নিহত

নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে জোবায়ের মোল্যা (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু আহত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নলদী-লোহাগড়া আঞ্চলিক সড়কের ব্রাহ্মণডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়ের মোল্যা চর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যার ছেলে। সে নলদী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত আজিজুর একই গ্রামের আজমুলের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে বন্ধু আজিজুরকে সঙ্গে নিয়ে পাশের হান্দলা গ্রামের আজগরের ছেলে রিজভীর কাছ থেকে মোটরসাইকেল নিয়ে নলদী বাজারের উদ্দেশে রওনা হয় জোবায়ের। পরে ফেরার পথে ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে জোবায়ের গুরুতর আহত হয়। মোটরসাইকেলের পেছনে থাকা আজিজুরও সামান্য আহত হয়।
পরে স্থানীয় বাসিন্দারা জোবায়েরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে জোবায়েরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
