logo

মাদারীপুরে চোর ধরতে ফকিরের পরামর্শে ‘রুটি পড়া’

মাদারীপুরে চোর ধরতে ফকিরের পরামর্শে ‘রুটি পড়া’
মাদারীপুরে চোর ধরতে ফকিরের পরামর্শে ‘রুটি পড়া’। ছবি: এশিয়া পোস্ট

ঘরের তালা ভেঙে চুরি হয়েছে নগদ সাড়ে ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার। দিনদুপুরে এমন ঘটনায় চোর শনাক্তে ফকিরের পরামর্শে সন্দেহভাজনদের খাওয়ানো হয় রুটি পড়া। মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদারকান্দি এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় আলেমরা জানান, এগুলো কুসংস্কার। এমন কাজ করলে মানুষের ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে সরদারকান্দি এলাকার বাসিন্দা মিঠু সরদারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই দিন পরিবারের সদস্যরা একটি দাওয়াতে অংশ নিতে বাড়ির বাইরে যান। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়ির তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে ঘরে থাকা নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ও বেশকিছু স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। বাড়িতে ফিরে ভাঙা তালা ও খোয়া যাওয়া মালামাল দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারের সদস্যদের।

Advertisement

চুরির ঘটনায় প্রথমে আশপাশের লোকজনের কাছে খোঁজখবর নেয় পরিবারের সদস্যরা। কিন্তু কোনো সূত্র না পেয়ে শেষ পর্যন্ত ফকিরের পরামর্শে আয়োজন করা হয় রুটি পড়ার। এলাকার সন্দেহভাজন ব্যক্তিদের বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সেই রুটি খাওয়ানো হয়। আর এই আয়োজনের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

চুরির শিকার মিঠু সরদার বলেন, আমাদের ধারণা, এলাকার কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। কিন্তু কাউকে চুরি করতে দেখিনি। অনেক খোঁজাখুঁজি করেও কোনো উপায় না পেয়ে ফকিরের পরামর্শে রুটি পড়া খাওয়ানোর সিদ্ধান্ত নিই। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, যে চুরি করেছে সে এই রুটি খেতে পারবে না, তার মুখ দিয়ে রক্ত বের হবে। বিষয়টি কাউকে উদ্দেশ করে করা হয়নি; চোর শনাক্তের আশায় এমন উদ্যোগ নিয়েছি।

স্থানীয় বাসিন্দা নাদিরা আক্তার বলেন, দিনদুপুরে এমন চুরির ঘটনা আমাদের আতঙ্কিত করে তুলেছে। এখন ঘর থেকে বের হতেও ভয় লাগে। প্রয়োজনের তাগিদে বাইরে গেলে বাড়িতে কী ঘটে, সেই চিন্তা থাকে। প্রশাসনের কাছে দাবি, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে গণপূর্ত বিভাগের মসজিদের ইমাম জসিম মিয়া বলেন, এগুলো কুসংস্কার। এমন কাজ করলে মানুষের ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) কিংবা সাহাবায়ে কেরামের যুগে চোর ধরার জন্য এভাবে রুটি পড়া বা চাল পড়া খাওয়ানোর কোনো প্রমাণ নেই। চুরি হওয়া মালামাল উদ্ধার কিংবা চোর শনাক্ত করতে এ ধরনের পদ্ধতি ইসলামি শরিয়তসম্মত নয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।