‘মুক্তিযুদ্ধে শেখ মুজিবের কোনো অবদান ছিল না’ বলে তোপের মুখে জমিয়ত নেতা

পটুয়াখালীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এক বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুক্তিযুদ্ধে শেখ মুজিবের কোনো অবদান ছিল না বলে মন্তব্য করেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি আব্দুল্লাহ হক কাওসারী। তার এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করলে তাৎক্ষণিকভাবে মুক্তিযোদ্ধাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পটুয়াখালী জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন, তারেক হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় সাংবাদিকরা।
ঘটনার পর অনুষ্ঠানের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে উঠলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।