logo

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন
মাদক মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি জালাল মালিথা। ছবি: এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালাল মালিথা (৪৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা পারিবারিক আদালতের বিচারক জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত জালাল মালিথা চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার মৃত আলতাফ হোসেন মালিথার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ মার্চ সন্ধ্যা ৬টার দিকে মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা একাডেমি মোড় এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গাগামী ‘সোনারতরী এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। পরে জালাল মালিথা নামে এক যাত্রীর দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৮৯৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। ওই দিন বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।

২০২১ সালের ১২ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সাহারা ইয়াসমিন। পরে নয়জন সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বিচারক।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামিম রেজা ডালিম বলেন, ওই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। সমাজ থেকে মাদক নির্মূলে এমন মামলার রায় দ্রুত হওয়া প্রয়োজন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মফিজুর রহমান বলেন, ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।