১৫ দিনের মধ্যে রেলস্টেশন চালুর দাবি, ট্রেন থামিয়ে বিক্ষোভ

বেনাপোল-খুলনা-মোংলা রেলপথের বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা রেলস্টেশন চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভাগা রেলস্টেশনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় আগামী ১৫ দিনের মধ্যে স্টেশনটি চালুর দাবি জানানো হয়। পাশাপাশি ভাগা স্টেশনে মোংলাগামী একটি ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। মানববন্ধনে রাজনৈতিক নেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ কবির এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া।
বক্তারা বলেন, বিগত সরকারের আমলে শত শত কোটি টাকা ব্যয়ে ভাগা বাজারসংলগ্ন এলাকায় পূর্ণাঙ্গ রেলস্টেশন নির্মাণ করা হয়েছে। মোংলা-বেনাপোল রেলপথে নিয়মিত ট্রেন চলাচল করলেও ভাগা স্টেশনে কোনো ট্রেন থামে না। এতে রামপাল উপজেলার ব্যবসায়ীসহ সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।
তারা আরও বলেন, ভাগা রেলস্টেশন চালুর দাবিতে ইতোমধ্যে রেলমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত স্টেশনটি চালুর বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
মানববন্ধন থেকে আগামী ১৫ দিনের মধ্যে ভাগা রেলস্টেশন চালু করার দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
