logo

আটকা পড়ার খবরে অভিযান, উদ্ধারে গিয়ে মিলল মরদেহ

আটকা পড়ার খবরে অভিযান, উদ্ধারে গিয়ে মিলল মরদেহ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘরের দরজা ভেঙে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার চর বাউশিয়া ইউনিয়নের পশ্চিমকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক (৫৫) ঠাকুরগাঁও জেলার শাহপাড়া গ্রামের মৃত একাব্বর হোসেনের ছেলে। তিনি গজারিয়ার চর বাউশিয়া এলাকায় আরিফ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। মালেক স্থানীয় একটি সিমেন্ট শিট কারখানায় কর্মরত ছিলেন। ঘটনার সময় তার পরিবারের কেউ বাসায় ছিলেন না।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে খবর পাওয়া যায় এক ব্যক্তি একটি একতলা ভবনের কক্ষে আটকা পড়ে আছেন। খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পুলিশের উপস্থিতিতে বাড়ির মূল ফটক ও কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কক্ষের মেঝেতে ওই ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার শেষে মরদেহটি গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।