পুলিশ থেকে আসামি ছিনতাই, বিএনপি-ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা করে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম ওরফে শাহীনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে, শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার সরিষা ইউনিয়ন ও ঈশ্বরগঞ্জ ইউনিয়নের আশ্রবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সরিষা ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মিলন (৫০) এবং নিষিদ্ধঘোষিত ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মণ্ডল (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল তিনটার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের ডেকুয়ারচর দাখিল মাদ্রাসা মাঠে রঙতরঙ্গ সংগঠনের আয়োজনে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে একটি ফুটবল খেলা শুরু হয়। খেলাটির উদ্বোধন করেন সরিষা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল্লাহ খান জামান।
খেলা দেখতে সেখানে উপস্থিত হন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল আলম ওরফে শাহীন (৩০)। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার অবস্থানের খবর পেয়ে আঠারবাড়ী রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশ রিয়াজুলকে আটক করতে গেলে উপস্থিত কয়েকজন ব্যক্তি বাধা দেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে রিয়াজুলকে সিএনজিচালিত অটোরিকশায় তোলা হলে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় পুলিশের ব্যবহৃত অটোরিকশাটিও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় এসআই মাজহারুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় নূর মোহাম্মদ মিলন ও নয়ন মণ্ডলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, একই মামলায় ওয়াসিম মিয়া ও এমদাদুল হক নামে আরও দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

