ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ফেনীর সোনাগাজী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী হিসেবে চরমজলিশপুর ইউনিয়নে দায়িত্ব পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা।
রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিতদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
ওই নেতার নাম আব্দুল্লাহ আল জাবের। তিনি চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের সুপারভাইজার পদে গত ২ আগস্ট এবং তথ্য সংগ্রহকারী পদে ৪ আগস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুটি পদে ছয় শতাধিক আবেদন জমা পড়ে। এর মধ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে ১৭৫ জনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের প্রকাশিত তালিকায় ছাত্রলীগের এই নেতার নাম দেখে অনেকে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে দায়িত্ব দেওয়ার আগে প্রার্থীদের রাজনৈতিক পরিচয়সহ প্রয়োজনীয় বিষয় যথাযথভাবে যাচাই করা হয়নি।

চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ মিয়াজী এশিয়া পোস্টকে বলেন, শুনেছি, তার এক আত্মীয় সরকারি চাকরি করেন এবং তার সুপারিশেই আব্দুল্লাহ আল জাবের এই দায়িত্ব পেয়েছেন। যাচাই-বাছাই না করে যাদের ফ্যামিলি কার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের মাধ্যমে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের আশঙ্কা রয়েছে। নতুন বাংলাদেশে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে তার নিয়োগ বাতিল করতে হবে।
সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু এশিয়া পোস্টকে বলেন, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এ ধরনের সরকারি কর্মসূচির দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও রাজনৈতিক পরিচয় যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কীভাবে এমন দায়িত্ব পেলেন, তা খতিয়ে দেখা দরকার।
এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন এশিয়া পোস্টকে বলেন, ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



