কুড়িগ্রামে ঘর থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে একটি বাড়ির শয়নকক্ষ থেকে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাচ্চু মিয়া রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার নব্ধিগঞ্জ কলাবাড়ি এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে। তিনি বেড়াতে গ্রামের বাড়িতে এসে ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো একসময় বাচ্চু মিয়া হত্যাকাণ্ডের শিকার হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে রাত ২টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবায় ফোন করে হত্যাকাণ্ডের খবর দেওয়া হয়। খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের বড় বোন মাজেদা বেগম মরদেহটি শনাক্ত করেন।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

