logo

মিষ্টি খেয়ে কেন হাজতে যেতে হলো কিশোরকে

মিষ্টি খেয়ে কেন হাজতে যেতে হলো কিশোরকে
ভুক্তভোগী কিশোর। ছবি : এশিয়া পোস্ট

পকেটে কোনো টাকা নেই, অথচ পেটে প্রচণ্ড ক্ষুধা। যশোর রেলস্টেশনে খাবারের প্যাকেট দেখে ক্ষুধার তাড়নায় সেটি কেড়ে নেয় কিশোর নূর মোহাম্মদ। প্যাকেট খুলে ভাতের বদলে মিষ্টি পেয়ে কয়েকটি খেয়েও ফেলে সে। এরপর সেই কয়েকটি মিষ্টিই তাকে নিয়ে যায় মারধর, পুলিশ, আদালত ও এক রাতের হাজতবাসের পথে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যশোর আদালতের বিচারক তাকে ৫০ টাকা জরিমানা ও অনাদায়ে তিন দিনের কারাদণ্ডের আদেশ দেন। পরবর্তীতে এক অন্য সহ-হাজতির দেওয়া অর্থ থেকে জরিমানা শোধ করে শেষ পর্যন্ত মুক্ত হয় নড়াইলের এই কিশোর।

আদালত সূত্রে জানা যায়, বুধবার নূর মোহাম্মদকে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক সঞ্জয় পাল ঘটনা পর্যালোচনা করে তাকে ৫০ টাকা জরিমানার আদেশ দেন। তবে পকেটে নিঃস্ব এই কিশোরের জরিমানা দেওয়ার সামর্থ্য ছিল না।

আদালতে তার এই অসহায়ত্বের কথা শুনতে পেয়ে এগিয়ে আসেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সহ-হাজতি। তিনি কিশোরকে ১০০ টাকা দিলে সেই অর্থ দিয়ে ৫০ টাকা সরকারি জরিমানা পরিশোধ করে মুক্তির আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর বাকি ৫০ টাকা পকেটে নিয়ে সন্ধ্যার পর নড়াইলের উদ্দেশে রওনা হয় সে।

ভুক্তভোগী কিশোর নূর মোহাম্মদ জানায়, তার বাড়ি নড়াইলে। সে যশোরের ঝিকরগাছার একটি কাঁচামালের আড়তে কাজ করে। মঙ্গলবার সন্ধ্যায় বিনা টিকিটে নড়াইল যাওয়ার জন্য যশোর রেলস্টেশনে অপেক্ষা করছিল। এ সময় প্রচণ্ড ক্ষুধা লাগলে টাকা না থাকায় উপায়হীন হয়ে এক পথচারীর খাবারের প্যাকেটটি কেড়ে নেয় সে। ওই পথচারী চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।