logo
Advertisement

বিএনপিতে যোগ দিলেন এলডিপির ১০ হাজার নেতাকর্মী

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
বিএনপিতে যোগ দিলেন এলডিপির ১০ হাজার নেতাকর্মী
চট্টগ্রামের চন্দনাইশে বিএনপিতে যোগ দেওয়া এলডিপি নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করা হয়। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রামের চন্দনাইশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের মেরূকরণ ঘটেছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রায় ১০ হাজার নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ ঘোষণা করেন, ‘আজ থেকে চন্দনাইশে এলডিপি বিলুপ্ত হয়ে গেছে।’

Advertisement

শুক্রবার (১৫ মে) বিকেলে চন্দনাইশ পৌরসভার বুলারতালুক এলাকায় আয়োজিত এক বিশাল যোগদান অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, শনিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এটি চন্দনাইশের সাম্প্রতিক ইতিহাসের বৃহত্তম যোগদান অনুষ্ঠান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জসিম উদ্দিন আহমেদ বলেন, যারা আজ এলডিপি থেকে বিএনপিতে ফিরলেন, তারা নতুন কেউ নন; তারা মূলত জাতীয়তাবাদী পরিবারেরই সদস্য। একসময় তারা বিভক্ত হয়েছিলেন, আজ ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, আজ থেকে চন্দনাইশে এলডিপির আর কোনো অস্তিত্ব নেই, এটি এখন বিলুপ্ত।

তিনি আরও বলেন, একসময় যারা বলেছিল বিএনপি নিঃশেষ হয়ে যাবে, আজ তারাই রাজনৈতিকভাবে শূন্যে পরিণত হয়েছে। দেশ এখন এক ক্রান্তিকাল পার করছে এবং বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

বিএনপিতে যোগদানকারী এলডিপির শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন চন্দনাইশ পৌর এলডিপির সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী উপজেলা এলডিপির সভাপতি, আবু ইউসুফ, চন্দনাইশ পৌর এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, পৌর গণতান্ত্রিক যুবদলের সভাপতি, মহিউদ্দিন, কেন্দ্রীয় গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শাহেরিয়ার ইমরান। এ ছাড়াও উপজেলা গণতান্ত্রিক যুবদলের সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক দলের মনজুর আলম এবং ছাত্রদলের নাজিম উদ্দিনসহ কয়েকশ সক্রিয় নেতা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দাবি করেন, এই গণ-যোগদানের ফলে চন্দনাইশ ও সাতকানিয়া (আংশিক) এলাকায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। বিভক্তির রাজনীতি পরিহার করে সবাই এখন ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এম এ হাশেম রাজু, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিরাজুল ইসলাম সওদাগর এবং বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।