logo

গভীর সমুদ্রে ভাসতে থাকা ১০ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
গভীর সমুদ্রে ভাসতে থাকা ১০ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড
সোমবার কক্সবাজারের সেন্টমার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১০ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। ছবি: সংগৃহীত

কক্সবাজারের সেন্টমার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১০ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার (২৯ জুন) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাট থেকে ‘এফবি সামিহা’ নামের একটি ফিশিং বোট ১০ জেলেসহ গত বৃহস্পতিবার মাছ ধরতে সমুদ্রে যায়। সোমবার সকাল ৯টায় সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে বোটটি সমুদ্রে ভাসতে থাকে। পরে দুপুর ১টায় বোটে থাকা একজন মাঝি মোবাইল ফোনের মাধ্যমে কোস্টগার্ড শাহপরীর কাছে সহায়তা চান।

সাব্বির আলম সুজন বলেন, তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড শাহপরীর একটি দল উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে বিকল হওয়া বোটসহ ১০ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। পরে বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান এ কর্মকর্তা।