Advertisement

পাঁচ হত্যা মামলায় সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কারাগারে

এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
পাঁচ হত্যা মামলায় সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কারাগারে
পুলিশের গাড়িতে তোলার সময় হাত নেড়ে বিদায় জানান মো. নজরুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে।

Advertisement

সোমবার (১০ আগস্ট) তাকে সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাশ মন্ডলের আদালতে নেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর থানায় করা পাঁচটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আদালতে নজরুল ইসলামকে হাজির করার পর মামলার শুনানি হয়। মামলার পরবর্তী শুনানির তারিখ ২৯ অক্টোবর ধার্য্য করা হয়েছে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ‘ক্রসফায়ারের’ নামে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হত্যার ঘটনায় হুকুম ও মদদ দেওয়ার অভিযোগে এসব মামলায় নজরুল ইসলামকে আসামি করা হয়েছে।

আদালত ভবন থেকে নজরুল ইসলামকে বের করে পুলিশের ভ্যানে তোলার সময় সেখানে তার ছেলে রাজু আহমেদসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজু আহমেদ বলেন, আমার বাবাকে রাজনৈতিক মামলায় আটক করে কারাগারে পাঠানো হচ্ছে। আমরা রাষ্ট্রের কাছে ন্যায়বিচার আশা করছি।

এর আগে, গত ২৭ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেদিন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছিল ডিবি।

নজরুল ইসলাম দীর্ঘদিন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।