logo

মৌলভীবাজারে ঝড়ে ৮৫৫ ঘর ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজারে ঝড়ে ৮৫৫ ঘর ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজারে দুই দিনের কালবৈশাখী ঝড়ে ৮৫৫টি কাঁচা ও আধাপাকা ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে উপড়ে পড়েছে অসংখ্য গাছ। বুধবার (২৯ এপ্রিল) জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, দুদিনের ঝড়ে সাত উপজেলায় কাঁচা ও আধাপাকা ৮৫৫টি ক্ষতিগ্রস্ত ঘরের তালিকা করা হয়েছে। সংশ্লিষ্ট জনপ্রতিনিধির মাধ্যমে উপজেলা প্রকল্প কর্মকর্তারা এই তালিকা করেছেন। 

জানা গেছে, গত ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জেলায় কয়েক দফা ঝড় হয়। ঝড়ে জেলার কমলগঞ্জ, রাজনগর, শ্রীমঙ্গল, কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও সদর উপজেলায় অনেক কাঁচা ও আধাপাকা ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া বলেন, কালবৈশাখী ঝড়ে জেলায় প্রাথমিক অবস্থায় ৮৫৫টি ক্ষতিগ্রস্ত ঘরের তালিকা করা হয়েছে। এসব ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য ১০০ টন চাল ও ৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।