খুলনায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

এশিয়া পোস্ট নিউজ, খুলনা
খুলনায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২
ছবি : সংগৃহীত

খুলনা মহানগরীর লবণচরা থানার হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

শুক্রবার (১০ জুলাই) র‍্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মাদারশি এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে মো. শুক্কুর হাওলাদার (৩৫) এবং খুলনা মহানগরীর লবণচরা থানার হরিণটানা এলাকার মৃত আমির খানের ছেলে মো. ইমরান খান (৩৭)।

র‍্যাব জানায়, অভিযান চলাকালে ইমরান খানের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় এসব আলামত জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্কুর হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানায় এবং ইমরান খানের বিরুদ্ধে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-৬ জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধার হওয়া আলামতসহ তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয় :খুলনা