সিলেটে একই সময়ে বিএনপির দুপক্ষের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

সিলেটের বিশ্বনাথে একই স্থানে বিএনপির দুপক্ষের পৃথক কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে এলাকায় মাইকিং করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাসেম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার একই সময়ে ওই এলাকায় বিএনপির দুপক্ষ গণপদযাত্রা, সভা ও সমাবেশের কর্মসূচি আহ্বান করেছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় ওই এলাকায় লাঠিসোঁটা বা বিস্ফোরকদ্রব্য বহন এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির যেকোনো ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারার আদেশ কার্যকর থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সকাল থেকেই মাঠে থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
