logo
Advertisement

ময়লা ফেলা নিয়ে বিরোধ, চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,চুয়াডাঙ্গা
ময়লা ফেলা নিয়ে বিরোধ, চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত
নিহতের বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি : এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাড়ির পাশে ময়লা ফেলা নিয়ে পারিবারিক বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে ফরিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফরিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের মৃত আবু হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে ময়লা ফেলাকে কেন্দ্র করে ফরিদুলের সঙ্গে তার চাচা দুলালের বাগবিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় দুলাল বাঁশের লাঠি দিয়ে ফরিদুলের মাথায় সজোরে আঘাত করেন।

লাঠির আঘাতে গুরুতর আহত ফরিদুলকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, বাড়ির পাশে ময়লা ফেলা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।