সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

সিলেটে গ্রেপ্তার কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে, দুই ভাই ও এক সাবেক কাউন্সিলরসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে পুলিশ তাদের দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসান এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার দুই ছোট ভাই আব্দুর শুক্কুর ও আব্দুল আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক আবদুল বাতেন মৃধা জানান, সম্প্রতি টেকনাফে সংঘটিত সহিংসতার ঘটনায় থানায় দায়ের করা দুটি মামলায় পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়েছে। দুপুরে এই চার আসামিকে টেকনাফ আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত ২৪ নভেম্বর মধ্যরাতে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে ওই চারজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাতে তাদের সিলেট থেকে কক্সবাজারে নিয়ে আসা হয়।

