logo

আড়াইশ ভুয়া রেশন কার্ড তৈরি, ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

আড়াইশ ভুয়া রেশন কার্ড তৈরি, ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশের চার পরিদর্শকসহ মোট ১১ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদি হয়ে এ মামলা করেন। মামলায় অভিযুক্তরা হলেন, সাবেক মেস ম্যানেজার মো. আলাউদ্দিন, পরিদর্শক (শহর ও যানবাহন) আরিফ মাহমুদ, মো. আল মামুন, মো. রেজাউল করিম ও কাজী রাজিউল জামান, কনস্টেবল মো. আতিউর রহমান, মো. সাইফুল ইসলাম ও মেহেদী হাসান, অফিস সহকারী মো. তৌফিক এলাহী, গুদামদার মো. জহির উদ্দিন এবং বিক্রয় সহকারী সৈয়দ জসিম উদ্দিন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টারে ২০১৩ থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ২৫২টি ভুয়া রেশন কার্ড বানিয়ে রেশন উত্তোলনের মাধ্যমে মোট ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাৎ করা হয়েছে।

দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, অভিযুক্তরা সরকারি দায়িত্বে থেকে জাল-জালিয়াতির মাধ্যমে রেশন সামগ্রী উত্তোলন করেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। মামলার তদন্তকালে অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আসামি করা হবে।

ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মামলার আসামিরা বর্তমানে বিভিন্ন জেলায় কর্মরত রয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ বিভাগ।