জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস

পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে ‘আইকনিক পরিবহন’-এর একটি বাস ঢাকা থেকে ২০-২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়। সকালে বাসটি খলিলপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি অগভীর পুকুরে পড়ে যায়।
এতে বাসে থাকা অন্তত ১৫ জন পর্যটক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
জানা গেছে, বাসটির যাত্রীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী। কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে তারা বাসটি রিজার্ভ করেছিলেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



