logo
Advertisement

ওবায়দুল কাদেরের ফাঁসির রায়/নোয়াখালীতে আ.লীগের শোডাউন, ককটেল বিস্ফোরণ

নোয়াখালীতে আ.লীগের শোডাউন, ককটেল বিস্ফোরণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের মোটরসাইকেল শোডাউন ও ককটেল বিস্ফোরণ। ছবি: ভিডিও থেকে নেওয়া

মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে তার নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেল শোডাউন করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বসুরহাট পৌর এলাকায় মোটরসাইকেল শোডাউন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আদালতের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাত ৩টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি বসুরহাট বাজার এলাকায় শোডাউন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। পরে পৌর এলাকার বিভিন্ন স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, রাত ৩টার দিকে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে স্লোগান দিয়ে চলে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা তিনি শোনেননি। শোডাউনে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।