logo

আসামি ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

আসামি ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
গ্রেপ্তার শুভ আহমেদ, মো. ইয়াসিন ও সারোয়ার হোসেন হৃদয়। ছবি : পুলিশের সৌজন্যে

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আটক মাদক মামলার আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টায় হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে পুলিশের দুই সদস্য আহত হন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে গাজীপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শুভ আহমেদ (২০), মো. ইয়াসিন (২৬) ও সারোয়ার হোসেন হৃদয় (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মাদক সেবনের খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। তাদের ফাঁড়িতে নেওয়ার কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে ফাঁড়িতে হামলা করেন। তারা তালাবদ্ধ কক্ষে ঢুকে আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ও কনস্টেবল আসিক তাদের বাধা দিলে হামলাকারীরা তাদের ওপর আক্রমণ করেন। এতে ওই দুই পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই রেলওয়ে পুলিশ একটি মামলা করে। এরপর গাজীপুর সদর থানা-পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রেলওয়ে পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। পরে সদর থানা-পুলিশ, ডিবি ও রেলওয়ে পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।