logo
Advertisement

কথা দিয়েছিলেন ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করবেন

এশিয়া পোস্ট নিউজ,জামালপুর
কথা দিয়েছিলেন ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করবেন
আর্জেন্টিনা সমর্থক তরুণের মাথা ন্যাড়া করে দিচ্ছেন এক ব্রাজিল ভক্ত। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

ফুটবল বিশ্বকাপ মানেই সমর্থকদের বাঁধভাঙা আবেগ, উন্মাদনা ও নানা ব্যতিক্রমী কাণ্ড। এবার সেই উন্মাদনায় অনন্য দৃষ্টান্ত দেখা গেল জামালপুরের বকশীগঞ্জ সদর উপজেলায়। এক আজের্টিন্টা সমর্থকের কাণ্ড ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হৈচৈ শুরু হয়ে গেছে।

Advertisement

তিনি কথা কথা দিয়েছিলেন ব্রাজিল জিতলে নিজের মাথা ন্যাড়া করবেন। কথামতো সেটাই করলেন ফয়সাল আহমেদ জুম্মান নামের ওই আর্জেন্টিনা সমর্থক।

ফয়সাল বকশীগঞ্জ সদর উপজেলার সাধুরপাড়া এলাকার বাসিন্দা। তিনি আর্জেন্টিনা ফুটবল দলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় ফয়সাল ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে ঘোষণা দেন–চলমান ফুটবল বিশ্বকাপের ম্যাচে হাইতির বিপক্ষে ব্রাজিল যদি জয়ী হতে পারে, তবে তিনি নিজের মাথা ন্যাড়া করে পুরো এলাকা ঘুরবেন।

শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলের বড় ব্যবধানে অনায়াসে পরাজিত করে মাঠ ছাড়ে সেলেসাওরা। ব্রাজিল ম্যাচটি জিতে মাঠ ছাড়ার পর ফয়সালের ফেসবুক কমেন্ট বক্সে শুরু হয় ট্রল ও প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেওয়ার ঝড়।

মুহূর্তেই বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ফেসবুকে দেওয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি গায়ে জড়িয়ে সাধুরপাড়া এলাকায় ব্রাজিল সমর্থকদের সামনে মাথা ন্যাড়া করে ফেলেন। ফয়সালের এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় বেশ আনন্দ ও কৌতূহলের সৃষ্টি করেছে।

চ্যালেঞ্জ পূরণ শেষে ফয়সাল আহমেদ জুম্মান হাসিমুখে বলেন, খেলাধুলা তো আসলে বিনোদনের একটা বড় মাধ্যম। আমি মূলত বন্ধুদের সঙ্গে মজা করে ফেসবুকে এই চ্যালেঞ্জটা দিয়েছিলাম। যেহেতু ব্রাজিল জিতে গেছে, তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি। দল আর্জেন্টিনা করলেও, মুখ থেকে যখন প্রতিশ্রুতি বের হয়েছে, তা তো রাখতেই হবে।