logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

নোয়াখালীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি

নোয়াখালীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি
নোয়াখালীর হাতিয়ায় সার ডিলার নিয়োগের জন্য দেখানো একটি গুদামের ভেতরের চিত্র। ছবি : এশিয়া পোস্ট

নোয়াখালীর হাতিয়া উপজেলার চারটি ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে সরেজমিনে তদন্ত করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কমিটির প্রধান ও নোয়াখালীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ডা. মো. শেখ ছাদেক।

Advertisement

জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা থেকে গত ১৭ নভেম্বর জারি করা এক আদেশে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, জেলায় সার ডিলার নিয়োগে বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সরেজমিনে তদন্ত করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, হাতিয়ার তমরদ্দি, হরনী, চানন্দী ও চরকিং ইউনিয়নে সার ডিলার নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এর মধ্যে তমরদ্দি ইউনিয়নে কর্মরত এক উপসহকারী কৃষি কর্মকর্তার বাবাকে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে। হরনী ইউনিয়নে প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এক পল্লী চিকিৎসককে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ ছাড়া চানন্দী ইউনিয়নে একটি মুরগির দোকানকে সারের গুদাম হিসেবে দেখিয়ে ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে। আর চরকিং ইউনিয়নে গুদামের প্রয়োজনীয় সক্ষমতা না থাকা সত্ত্বেও একজনকে ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এসব অনিয়মের প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, কৃষিমন্ত্রী ও জেলা প্রশাসক বরাবর একাধিক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তদন্ত কমিটির প্রধান ডা. মো. শেখ ছাদেক জানান, গত ১৭ নভেম্বর তদন্ত কমিটি গঠনের চিঠি পেয়েছি। কমিটির অন্য দুজন সদস্য বর্তমানে ছুটিতে আছেন। তারা কর্মস্থলে ফিরলে দ্রুত সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় প্রতিবেদন জমা দেয়া হবে।