logo
Advertisement

পুশইন ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি বিজিবির

এশিয়া পোস্ট নিউজ, শেরপুর
পুশইন ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি বিজিবির
ছবি: এশিয়া পোস্ট

অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি দিন-রাত টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। বিজিবির সাথে স্থানীয় বাসিন্দারাও সক্রিয়ভাবে সহযোগিতা করছেন।

Advertisement

বিজিবি জানায়—রামচন্দ্রকুড়া, হাতিপাগাড়, বারোমারী, নকশী, হলদীগ্রাম, তাওয়াকুচা, চকিদার টিলা ও কর্ণঝোড়া এই আটটি বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি চলছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে, যাতে সীমান্ত দিয়ে কোনো অবস্থাতেই অবৈধভাবে কেউ দেশে প্রবেশ করতে না পারে।

সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে বিভিন্ন এলাকায় মাইকিং, উঠান বৈঠক ও সচেতনতামূলক সভার আয়োজন করা হচ্ছে। সন্দেহজনক ব্যক্তি বা কোনো অস্বাভাবিক তৎপরতা চোখে পড়লে দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দালাল চক্র শনাক্তকরণ এবং স্থানীয়দের অংশগ্রহণে একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

নকশী এলাকার বাসিন্দা রহমান মিয়া বলেন, সীমান্ত এলাকায় এখন সবাই অনেক বেশি সচেতন। কোনো অপরিচিত ব্যক্তি সন্দেহজনকভাবে চলাফেরা করলে আমরা দ্রুত বিজিবিকে জানিয়ে দিই। দেশের নিরাপত্তার প্রশ্নে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না।

একই এলাকার গফুর মিয়া বলেন, আগের তুলনায় এখন সীমান্তে পাহারা ও টহল অনেক বেড়েছে। সবসময়ই বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়। সন্দেহজনক কিছু নজরে এলে স্থানীয়রা বিজিবিকে জানায়।

ময়মনসিংহ ৩৯ বিজিবির নকশী বিওপির কোম্পানি কমান্ডার মো. আক্তার হোসেন বলেন, সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সহযোগিতায় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা দায়িত্ব পালন করছি।

বিষয় :