নারায়ণগঞ্জে ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ, মাটি বিক্রি ও শ্রমিক সরবরাহের কমিশন বাণিজ্য নিয়ে দুপক্ষের মধ্যে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষে শটগানের গুলি ও টেঁটা ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বক্তাবলী ইউনিয়নের আকবরনগর সিপাহিবাড়ি ও উত্তর গোপালনগর এলাকায় কয়েক দফায় এ সংঘর্ষ চলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোর মাটি সরবরাহ, শ্রমিক নিয়োগ ও কমিশন বাণিজ্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের পক্ষ এবং নারায়ণগঞ্জ জেলা অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুল কাদির সিপাহী ও হাজী সামেদ আলীর পক্ষের মধ্যে এ নিয়ে একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে।
এলাকাবাসীর দাবি, পুরোনো বিরোধের জের ধরে শুক্রবার সকালে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলিবর্ষণ ও টেঁটা নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হন।

অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নেতা আব্দুল কাদির সিপাহী এশিয়া পোস্টকে বলেন, সকালে প্রতিপক্ষের লোকজন তার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় তার এক ভাতিজা গুলিবিদ্ধ হন এবং বাড়িঘরে লুটপাট চালানো হয়। মূলত ইটভাটার ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে।
অন্যদিকে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ এশিয়া পোস্টকে বলেন, স্থানীয় কৃষক দলের নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে দলীয় কর্মসূচিতে যাওয়া নিয়ে জাকিরের সঙ্গে মোতালেবের কথা-কাটাকাটি হয়। জাকিরকে অপমান ও ধাক্কা দেওয়ার ঘটনা থেকেই পরিস্থিতির অবনতি ঘটে। সংঘর্ষে তার পক্ষেরও কয়েকজন আহত হয়েছেন। তবে শটগানের গুলির বিষয়টি তার জানা নেই।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন এশিয়া পোস্টকে জানান, পরিস্থিতি সামাল দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার এবং পাঁচজনকে আটক করা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে, গত ১০ অক্টোবর একই এলাকায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে গুলি ও টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছিলেন। সে সময় ঘটনাস্থল থেকে ৪০টি টেঁটা উদ্ধার করেছিল পুলিশ।


