logo

অস্ত্র ঠেকিয়ে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

অস্ত্র ঠেকিয়ে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি
ডাকাতির পর পুলিশ কর্মকর্তারর বাড়িতে খোঁজ নেন এলাকাবাসী। ইনসেটে ভাঙা আলমারির ড্রয়ার। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির খবর পাওয়া গেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে মধ্যম ওয়াহেদপুর শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন ওই বাড়ি পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (সশস্ত্র) মতিন উল্লাহ এশিয়া পোস্টকে জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে খুন্তি দিয়ে ঘরের দরজা ভেঙে মুখোশ পরিহিত ১০-১২ জনের একটি ডাকাতদল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে।

তিনি আরও জানান এরপর আলমিরা, মহিলার কান গলা থেকে ৬ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এছাড়া ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, সিসি ক্যামেরার মনিটর ডিভাইস, ওয়াইফাই রাউটার, কম্পিউটার, মনিটর, সিপিইউ, ১টি বাটন মোবাইল, নগদ নগদ ৪০ হাজার টাকাসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।