নির্বাচন ঘিরে দল বদলের হাওয়া, প্রভাব ফেলতে পারে ভোটে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে দল বদলের হাওয়া। গত এক সপ্তাহে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছে। মাঠপর্যায়ে দলবদলের প্রভাব ভোটেও পড়তে পারে এমনটা মনে করছেন সাধারণ ভোটাররা।
এদিকে বিএনপির নেতাকর্মীদের জামায়াতে যাওয়াকে গুজব ও মিথ্যাচার বলছেন স্থানীয় বিএনপি নেতারা। অন্যদিকে জামায়াত বলছে নেতৃত্বের প্রতি আস্থা হারিয়ে আসছেন তারা।
দলছুট নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছেন জামায়াতের সংসদ সদস্য প্রার্থীরা। জামায়াত নেতারা বলছেন, দেশে সৎ ও আদর্শ ভিত্তিক রাজনীতির এক নতুন ধারা তৈরি হয়েছে। আদর্শিকভাবে জামায়াতই হচ্ছে একমাত্র বিকল্প শক্তি। এই বিশ্বাস থেকেই বিভিন্ন দলের নেতাকর্মীরা জামায়াতে আসছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত আমির আবু জার গিফারি বলেন, সাম্প্রতিক সময়ে জামায়াতে যোগদান করা ব্যক্তিরা বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সক্রিয় নেতাকর্মী। তারা দলীয় নেতৃত্বের প্রতি আস্থা হারিয়ে জামায়াতে যোগ দেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেন, বিএনপি থেকে আসা নতুন নেতাকর্মীদের সব প্রয়োজনে জামায়াত তাদের পাশে থাকবে।
তবে দলের নেতাকর্মীদের জামায়াতে যোগদানের বিষয়টি অস্বীকার করেছেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম (চাইনিজ)।
তিনি বলেন, যদি বিএনপির কেউ জামায়াতে যোগ দিয়ে থাকে ধরে নেবেন তারা দলের কোনো পদধারী না। তাদের কোনো পদ-পদবি নেই, তারা কোনো সক্রিয় কর্মী নন। তারা হচ্ছেন সুবিধাবাদি। যেখানে তারা সুবিধা পায় সেখানেই তারা যায়। এতে সাংগঠনিক কিংবা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়া বলেন, এটা সম্পূর্ণ গুজব, মিথ্যা ও ভিত্তিহীন খবর।
তিনি আরও বলেন, বিএনপির কোনো নেতাকর্মী জামায়াতে যোগ দেয়নি। বরং জামায়াত থেকেই বিএনপিতে অনেকেই যোগ দিয়েছে।