নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজার টেকনাফে নাফ নদীর মোহনা থেকে দুই ডিঙি নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরকান আর্মি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে তাদের ধরে নিয়ে যায়।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন সাবরাং নয়াপাড়ার মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব, মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আব্দুস সালামের ছেলে মো. হাসান এবং শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।
সত্যতা নিশ্চিত করে টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬নং ওয়ার্ডে সদস্য আবুল ফয়েজ বলেন, আমার এলাকায় পাঁচজন জেলে ও শাহপরীর দ্বীপের তিনজন জেলে নাফ নদীতে মাছ ধরতে গেলে তাদের ধরে নিয়ে যায় মিয়ানমার আরকান বাহিনী। তারা আজ সকাল ৭টায় নাফ নদীতে মাছ শিকারে যান। দুপুর ২টার দিকে মাছ শিকার করে ফিরে আসার সময় তাদের ধরে নিয়ে যায়।
ধরে নিয়ে যাওয়া জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার বলেন, আমার স্বামীকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। আমরা খুবই গরিব, মাছ শিকারে গেলে খেতে পারি, না হলে পারি না। এখন যদি আমার স্বামী ফেরত না আসে, আমাদের না খেয়ে মরতে হবে।
নৌকার মালিক আব্দুর শুক্কুর বলেন, আমার মালিকানাধীন নৌকা নিয়ে চারজন জেলে আজ নাফ নদীতে মাছ শিকারে যান। ফিরে আসার সময় আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায়। তারা খুবই গরিব জেলে। তাদের যেন দ্রুত ফেরত আনা হয়।
এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, জেলে ধরে নিয়ে গেছে বলে শুনেছি। সেখানকার বিওপি কমান্ডারকে বলেছি বিস্তারিত জেনে আমাকে জানাতে। পরে তাদের ফেরত আনার জন্য কার্যক্রম শুরু করা যাবে।
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তাদের ফেরত আনতে কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে কথা হচ্ছে।