logo

মৃত বাবাকে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় গেল কন্যার প্রাণ

মৃত বাবাকে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় গেল কন্যার প্রাণ
নলছিটি থানা। ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলায় বাবার মৃত্যুর সংবাদ শুনে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন কন্যা। আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার (৩০ মে) সকালে তিনি মারা গেছেন। এক দিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামের বাসিন্দা মোতালেব হাওলাদার বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। খবর পেয়ে তার কন্যা শিউলি ঢাকায় থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়ি ফেরার পথে বরিশাল নগরীর কদমতলী এলাকায় একটি অটোরিকশা ও মাহিন্দ্রার সংঘর্ষে আহত হন তিনি।

স্থানীয়রা শিউলিকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। এক দিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে এলাকায় সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।