নিখোঁজের দুদিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ

বরগুনায় পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে গিয়ে বিষখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মো. ইহান (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর রোববার (৮ নভেম্বর) বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের বিষখালী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বরগুনা সদর উপজেলার বড়ইতলা ফেরিঘাট-সংলগ্ন বিষখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ইহান। সে সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার মো. নজির হোসেনের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বড়ইতলা ফেরিঘাট-সংলগ্ন বিষখালী নদীর তীরে ঘুরতে যায় ইহান। একপর্যায়ে পরিবারের সদস্যদের সঙ্গে নদীতে গোসল করতে নামলে তীব্র স্রোতে ডুবে নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। বরগুনায় ডুবুরি ইউনিট না থাকায় পটুয়াখালী থেকে ডুবুরি দল আনা হয়। শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
দুদিন পর রোববার সকালে নলঢোনা এলাকায় বিষখালী নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে মরদেহটি উদ্ধার করা হয়।