ঝিনাইদহে বজ্রপাতে কলেজছাত্রসহ নিহত ২

ঝিনাইদহের শৈলকুপায় মাঠে পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে কলেজছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার খড়িবাড়িয়া দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২) ও পাশের লক্ষীপুর গ্রামের সুনীল বিশ্বাসের ছেলে সমির বিশ্বাস (৪০)। অপু স্থানীয় একটি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। সমির পেশায় কৃষক।
আহতদের মধ্যে রয়েছেন খড়িবাড়িয়া গ্রামের বাসিন্দা রনজিত বিশ্বাস (৭০), তিনি খালফলিয়া মিলন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রতিদিনের মতো কৃষকেরা দলবেঁধে মাঠে পেঁয়াজ তুলতে যান। দুপুরের দিকে হঠাৎ আকাশে কালো মেঘ জমে এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হয়। বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই অপু ও সমির মারা যান।
স্থানীয় বাসিন্দা ইকবাল শেখ বলেন, বজ্রপাতের সময় সবাই মাঠে কাজ করছিলেন। হঠাৎ করেই বিকট শব্দে বজ্রপাত হলে হতাহতের ঘটনা ঘটে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে একজনকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।