জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি ধ্বংস করল র্যাব

সাতক্ষীরার আশাশুনির মহিষকুড়াতে অভিযান চালিয়ে ক্ষতিকর জেলি পুশ করা ১৫০০ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
বুধবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিষকুড়া এলাকায় এ বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা যায়, স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ির ওজন বাড়াতে তরল জেলি পুশ করছে— এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সিপিসি-১ কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ ও সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাফিউল ইসলাম।
অভিযানকালে ঘটনাস্থল থেকে জেলি পুশ করার বিপুল সরঞ্জাম ও তরল জেলি উদ্ধারসহ ১৫০০ কেজি চিংড়ি জব্দ করা হয় এবং পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে সেগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।
মৎস্য অফিস জানায়, জব্দকৃত মাছের মূল্য ১৩ থেকে ১৪ লাখ টাকা। জেলি পুশকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।
র্যাব-৬ সিপিসি-১ কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ এশিয়া পোস্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস করা হয়েছে এবং জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।





