খেলতে গিয়ে ভিমরুলের বাসায় খোঁচা, কামড়ে প্রাণ গেল দুই শিশুর

পাবনার সাঁথিয়া উপজেলায় বাড়ির বাইরে খেলতে গিয়ে ভিমরুলের বাসা খোঁচা দেয় দুই শিশু। মুহূর্তের মধ্যে ভিমরুলের দল বেরিয়ে আসে দুই শিশুকে কামড়াতে থাকে। পরে তাদেরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে, মঙ্গলবার বিকেলে খেলতে গিয়ে ভিমরুলের কামড়ে আহত হয়েছিল তারা।
মৃত দুই শিশু হলো—আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ী গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন ও একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে বাড়ির বাইরে খেলতে বের হয়েছিল রোহান ও আরাফাত। খেলার একপর্যায়ে তারা একটি ভিমরুলের বাসা দেখতে পায়। পরে পাটখড়ি দিয়ে বাসাটিতে খোঁচা দিলে ভিমরুলের দল তাদের ওপর হামলে পড়ে। এতে দুই শিশু গুরুতর আহত হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, শিশুদের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে দুজনের মৃত্যু হয়।
