logo
Advertisement

২০ হাজার ইয়াবাসহ যুবক আটক, লাফিয়ে পালালেন সঙ্গী

২০ হাজার ইয়াবাসহ যুবক আটক, লাফিয়ে পালালেন সঙ্গী
আটক কামাল হোসেন। ছবি : পুলিশের সৌজন্যে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২০ হাজার পিস ইয়াবাসহ কামাল হোসেন (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালালেন আরেকজন সঙ্গী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া চার রাস্তার মোড় এলাকায় বসানো অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক কামাল হোসেন ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল এলাকার মো. ইসলামের ছেলে। অপরদিকে পালিয়ে যাওয়া যুবকের নাম মানিক (২২)। সে একই ইউনিয়নের পাহাড়পাড়া এলাকার জাহিদ আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল মঙ্গলবার সন্ধ্যায় বড়ুয়া পাড়া মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। তল্লাশিকালে একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে দুটি কার্টনে রাখা মোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তল্লাশিরত অবস্থায় অটোরিকশায় থাকা মানিক কৌশলে লাফ দিয়ে পালিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, জব্দ করা ইয়াবা ও অটোরিকশাসহ আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।