ময়মনসিংহে বজ্রপাতে প্রাণ গেল কৃষকসহ দুজনের

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলের মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ তোতা মিয়া (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলার ফুলবাড়ীয়া উপজেলা থেকে টাঙ্গাইলের ঘাটাইলে গিয়ে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে সাইফুল ইসলাম (৩৫) নামে আরও এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া (মাইজপাড়া) গ্রামে এবং টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের মোমিনপুর এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ তোতা মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার উজানচর নওপাড়া (মাইজপাড়া) গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে। আর সাইফুল ইসলাম ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেইট বুড়ার বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে তোতা মিয়া তার চাচাতো ভাই আব্দুস ছামাদ ও প্রতিবেশী মানিক মিয়াকে সঙ্গে নিয়ে ফসলের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তোতা মিয়া গুরুতর আহত হন। বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে আব্দুস ছামাদ ও মানিক মিয়া জ্ঞান হারিয়ে ফেলেন। কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরে আসে এবং তারা সুস্থ হন।
পরে স্থানীয় লোকজন তোতা মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মোমিনপুর আঠারোচূড়া বিলে বরশি নিয়ে মাছ শিকার করতে যান সাইফুল ইসলাম। পরে বিকেলে আকস্মিক ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, তোতা মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ফুলবাড়ীয়া উপজেলা থেকে পাঁচ থেকে সাতজন যুবক বরশি দিয়ে মাছ ধরতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের মোমিনপুর এলাকার আঠারোচূড়া বিলে আসেন। বিকেলে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
তিনি বলেন, সাইফুল ইসলামের মাছ ধরার নেশা ছিল। তার স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা এবং চার বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে। খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
