Advertisement

প্রাচীর নির্মাণে বন্ধ চলাচলের পথ, বিপাকে ৪০ পরিবার

এশিয়া পোস্ট নিউজ, সিরাজগঞ্জ
প্রাচীর নির্মাণে বন্ধ চলাচলের পথ, বিপাকে ৪০ পরিবার
ঈদগাহ মাঠের সীমানাপ্রাচীর। ছবি: এশিয়া পোস্ট

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি ঈদগাহ মাঠের সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রায় ৪০টি পরিবারের চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বারুহাস ইউনিয়নের মনোহরপুর গ্রামের মসজিদ ও ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় প্রায় ৪০টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে এসব পরিবারের সদস্যরা ঈদগাহ মাঠের পাশের একটি রাস্তা ব্যবহার করে যাতায়াত করছেন। কৃষিপণ্য আনা–নেওয়া, রোগী পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতসহ দৈনন্দিন নানা কাজে এ পথই তাদের প্রধান ভরসা।

সম্প্রতি ঈদগাহ মাঠের উন্নয়নকাজের অংশ হিসেবে স্থানীয় গ্রামপ্রধানের উদ্যোগে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু হয়। তবে প্রাচীর নির্মাণের ফলে চলাচলের পথ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এসব পরিবার চরম ভোগান্তিতে পড়েছে বলে অভিযোগ করেছেন তারা।

ভুক্তভোগীদের মধ্যে শাহ আলম, জমিনা খাতুন ও লাইলী খাতুন বলেন, ঈদগাহ মাঠের উন্নয়ন ও প্রাচীর নির্মাণে তাদের কোনো আপত্তি নেই। তবে একমাত্র চলাচলের পথটি বন্ধ করে দিলে তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়বেন। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, রোগী পরিবহনসহ দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হবে। এ কারণে ৪০টি পরিবারের স্বাক্ষরসংবলিত একটি লিখিত অভিযোগ ইউএনওর কাছে জমা দেওয়া হয়েছে।

মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও গ্রামপ্রধান রফিক হোসেন বলেন, ঈদগাহ মাঠে কুকুরের অবাধ বিচরণ ও নোংরা করার কারণে মাঠের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার লক্ষ্যে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেই প্রায় এক মাস আগে প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়। অভিযোগকারী পরিবারগুলোর চলাচলের জন্য বিকল্প একটি রাস্তা রয়েছে বলেও তিনি দাবি করেন।

রফিক হোসেন আরও বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই মাঠের এক পাশের প্রাচীর নির্মাণকাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। আগামী রোববার ইউএনও সরেজমিনে এসে মাপজোক ও তদন্ত শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।