আ.লীগের সাবেক এমপি দবিরুল ইসলাম মারা গেছেন

আওয়ামী লীগের বর্ষীয়াণ নেতা ও ঠাকুরগাঁও-২ আসন (বালিয়াডাংগী, হরিপুর ও রাণীশংকৈল আংশিক) থেকে সাতবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় দবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় তার ছেলে এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকেও গ্রেপ্তার করা হয়।
দেড় বছর কারাভোগের পর চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন কারাগারে থাকায় এবং যথাযথ চিকিৎসার অভাবে দবিরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। কারামুক্তির পর শারীরিক অবস্থা এতটাই নাজুক ছিল যে একা হাঁটাচলাও করতে পারতেন না।
কারাবন্দি অবস্থায় তার সুচিকিৎসার জন্য কর্তৃপক্ষকে বারবার অনুরোধের পর ব্যবস্থা না নেওয়ায় তিনি দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছিলেন বলেও অভিযোগ করেন দবিরুলের স্বজনরা।
দাবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসন থেকে সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮৬–১৯৮৮, ১৯৯১–১৯৯৬ এবং ১৯৯৬ সাল থেকে ধারাবাহিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।